৩ বৈশাখ, ১৪৩৩
১৬ এপ্রিল, ২০২৬

ঈদের দিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

Admin Published: March 13, 2026, 5:37 pm
ঈদের দিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

ডিএনএন ডেস্ক: চলছে ঋতুরাজ বসন্ত, তার ছোঁয়ায় যখন রঙিন হয়ে ওঠার কথা চারপাশ, ঠিক তখনই ঢাকার আকাশ জানান দিচ্ছে ভিন্ন এক বার্তা। ঝিরঝিরে বৃষ্টি আর মেঘের ঘনঘটা দেখে মনে হতে পারে-ঋতুরাজ বুঝি তার সিংহাসনটা বর্ষাকে ছেড়ে দিয়েছে।


আর কিছুদিন পরই ঈদুল ফিতর। নাড়ির টানে বাড়ি ফেরার ব্যাকুলতা আর উৎসবের প্রস্তুতির মাঝে আকাশের এই 'অভিমানী' রূপ এখন অনেকের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই অকাল বৃষ্টি আর মেঘের আনাগোনা সহজে থামছে না; বরং ঈদের আনন্দযাত্রায় সঙ্গী হতে পারে বৃষ্টির ঝাপটা।


ঈদের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, আপাতত ধারণা করা যাচ্ছে, ইদের দিন দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। তবে তা সাময়িক।


তিনি আরও বলেন, মার্চ, এপ্রিল ও মে মাস হলো কালবৈশাখীর উপযোগী সময়। কিন্তু এখন পর্যন্ত দেশে কালবৈশাখী ঝড় আঘাত হানেনি। তবে আগামী কয়েকদিনের মাঝে এটি বিক্ষিপ্তভাবে আঘাত হানতে পারে।


তিনি জানান, আপাতত বৃষ্টির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে আগামী ১৬ ও ১৭ মার্চ। অর্থাৎ, তখন বেশিরভাগ মানুষই ঈদের ছুটি কাটাতে বাড়ির পথে থাকবেন। সেক্ষেত্রে তখন বৃষ্টির কারণে তাদের ঈদযাত্রায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে।


আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ১৬ ও ১৭ তারিখ বৃষ্টি হয়ে যাওয়ার পর বৃষ্টিপাতের ক্ষেত্রে একটি সাময়িক বিরতি আসতে পারে। কিন্তু একাবারে বৃষ্টিহীন হয়ে যাবে, তা কিন্তু নয়। এখন যেহেতু মার্চ মাস, তাই দেশের বিভিন্ন জায়গায় অল্প সময়ের বৃষ্টি হবে। যেখানেই বৃষ্টি হবে, সেখানে এটি আধ ঘণ্টা বা এক ঘণ্টার মাঝে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাত হতে পারে।


তিনি আরও জানান, একটানা বৃষ্টি কোথাও হবে না। কিন্তু কোথায় কোথায় সাময়িক বৃষ্টি হবে, তা এত আগে বলা মুশকিল। কারণ প্রতিদিনই দৈনন্দিন পূর্বাভাসে কিছু না কিছু পরিবর্তন হয়। ঈদের এই সময়ে খুব বেশি বাতাস হওয়ার সম্ভাবনা নেই।


তিনি আরও উল্লেখ করেন, ৬০ বা ৭০ কিলোমিটার বেগে বাতাস হবে, এমনটা নয়। ৪০ বা ৫০ কিলোমিটার বেগে বাতাস হতে পারে। সাথে কোথাও বিজলি চমকাতে পারে, বজ্রপাতের মতো ঘটনা ঘটতে পারে।


তবে তিনি এটি বারবার উল্লেখ করেছেন, তিন দিনের মাঝে আবহাওয়ার পূর্বাভাস সবচেয়ে ভালোভাবে বলা যায়। পূর্বাভাস যত দীর্ঘমেয়াদি হয়, তার অ্যাকুরেসি তত কমতে থাকে।



প্রসঙ্গত, শবে কদর (১৭ মার্চ) ও ঈদুল ফিতরের (১৮ মার্চ থেকে ২৩ মার্চ) ছুটি মিলিয়ে এবার টানা সাত দিন সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। অনেকে আবার বাড়তি ছুটি নিয়ে নির্ধারিত তারিখের আগেই ঈদের ছুটি কাটাতে চলে যাওয়ার পরিকল্পনা করছেন।


কিন্তু এই সময়ে যদি ঝড়বৃষ্টি হয়, তাহলে কেনাকাটা থেকে শুরু করে মানুষের ঈদযাত্রায়ও বিঘ্ন ঘটতে পারে। আবার অতিরিক্ত গরম পড়লেও ভোগান্তি তৈরি হতে পারে। ঈদের আগে আগে বা ঈদের দিন বৃষ্টি হলে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনেও সমস্য হতে পারে। সূত্র- বিবিসি বাংলা