স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে নাতির অভিভাবক হয়ে এসে বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মো. শাহজাহান আলী (৬৫) নামের এক বৃদ্ধ। রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। কলেজের শিক্ষকেরা তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মো. শাহজাহান আলী পল্লী বিদ্যুতের প্রকৌশলী ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকায় তাঁর নিজস্ব বাড়ি রয়েছে।
শাহজাহান আলীর জামাতা ইমদাদুল হক জানান, তাঁর শ্বশুর কখনো রাজশাহী, কখনো কুষ্টিয়া আবার কখনো ঢাকায় থাকতেন। নাতির অভিভাবক হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন। এ কারণে রোববার রাজশাহী সরকারি সিটি কলেজের অভিভাবক সমাবেশে তিনি যোগ দিয়েছিলেন।
ইমদাদুল হক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক। তাঁর ছেলে রাজশাহী সরকারি সিটি কলেজে পড়াশোনা করে। ছেলের সঙ্গে থাকার জন্য তিনি রাজশাহী শহরে একটি বাসা ভাড়া করে দিয়েছেন। ওই বাসাতেই তাঁর শ্বশুর ও শাশুড়ি থাকতেন।
ইমদাদুল হক বলেন, ‘আমার শ্বশুর পল্লী বিদ্যুতের প্রকৌশলী ছিলেন। অনেকদিন আগেই তিনি অবসরে গেছেন। তাঁর হার্টে বাইপাস সার্জারিও হয়েছিল। রোববার অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ তিনি পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।