স্টাফ রিপোর্টার : সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী নগরীর তেরখাঁদিয়াস্থ বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে।
সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলা এই চিকিৎসা কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রাজশাহী আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে প্রবীণ ব্যক্তি, নারী ও শিশুরা বিভিন্ন রোগের চিকিৎসা নেন। ক্যাম্পে চক্ষু, মেডিসিন, সার্জারি ও গাইনিসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন। সেনাবাহিনীর এ উদ্যোগে খুশি সেবা গ্রহীতারা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরে তারা গর্বিত। এটি একটি মানবিক উদ্যোগের অংশ, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকার হাজারো মানুষজন সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এই ধরণের উদ্যোগ জনসাধারনের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করছে এবং সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা দৃঢ় করছে।