ডিএনএন ডেস্ক: রাজশাহীতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ‘ব্যবসায়ী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নগরীর সাহেববাজার বড়কুঠি এলাকার মসজিদ মিশন একাডেমি অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) রাজশাহী মহানগরী ও জেলার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী মহানগরীর উপদেষ্টা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী জোন পরিচালক অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল এবং বগুড়া জোন পরিচালক সেলিম রেজা।
আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্সের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন আবদুল হান্নান। এতে রাজশাহী জেলার সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান লিটনসহ সংগঠনের মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।
বক্তারা বলেন, রাজশাহীতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষ জনবল তৈরি ও বাজার সম্প্রসারণে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব বাধা দূর করতে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
সম্মেলনে ব্যবসা পরিচালনার আধুনিক কৌশল, উদ্যোক্তা উন্নয়ন, শিল্প স্থাপনের সম্ভাবনাময় খাত এবং ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে রাজশাহীর স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন শিল্প-কারখানা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বক্তারা।