ডিএনএন ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলঅভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বলেন, “ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করেছে। পরে সিআইডির একটি দল তাকে নিয়ে যায়। সিআইডি একটি মামলা তদন্ত করছে, ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন বলেন, “চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন। এরপর এ ঘটনায় মামলা করা হয়।