৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

সৌদি পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ বাংলাদেশী, ২১ জনের মৃত্যু

Admin Published: May 22, 2026, 3:29 pm
সৌদি পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ বাংলাদেশী, ২১ জনের মৃত্যু

ডিএনএন ডেস্ক: চলতি বছরের পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন বলে জানিয়েছে মক্কার বাংলাদেশ হজ অফিস।শুক্রবার (২২ মে) প্রকাশিত হজ অফিসের তথ্যে জানা যায়, সম্প্রতি আরও তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় স্বাভাবিকভাবে মারা যান।


এ ছাড়া মদিনায় মারা যাওয়া দুই হাজি হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১)। হজ অফিস জানিয়েছে, তাদের মৃত্যুও স্বাভাবিক কারণে হয়েছে।


সরকারি হজ বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।


মোট ১৯৯টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী সৌদি আরবের জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছেছেন।


বাংলাদেশি হাজিদের চিকিৎসা ও তথ্যসেবা নিশ্চিত করতে মক্কা ও মদিনায় বিশেষ মেডিকেল ও আইটি সহায়তা কার্যক্রম চালু রয়েছে। এখন পর্যন্ত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে ৪৩ হাজার ৪৪০টির বেশি প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২০ হাজারের বেশি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


উল্লেখ্য, আগামী ২৬ মে পবিত্র হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থান অনুষ্ঠিত হবে।