আবারও হজ নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজে যেতে আগ্রহীরা ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি
পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
বুধবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালে হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি,
হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি
হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজ চুক্তির পূর্বেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা
থাকা সত্ত্বেও হজযাত্রী এবং হজ এজেন্সির বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের
হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।
প্রসঙ্গত, এর আগে দুই দফায় হজ নিবন্ধনের সময় বাড়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। চলতি বছর বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা রয়েছে ১
লাখ ২৭ হাজার ১৯৮ জন। ২৪ জানুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে নিবন্ধন করেছেন
৫৩ হাজার ১৭৩ জন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত
হবে।