১০ বৈশাখ, ১৪৩৩
২৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশকে অস্থিতিশীল করে কিছু করতে পারবেন না : রিজভী

Admin Published: November 28, 2024, 7:14 pm
বাংলাদেশকে অস্থিতিশীল করে কিছু করতে পারবেন না : রিজভী

রাবি প্রতিনিধি:বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চিন্ময়ের নামে অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সে অপরাধী নাকি নিরপরাধ আদালতে প্রমাণিত হবে এবং আদালত সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বার্তা দেওয়া হয়েছে। যেদিন যুবলীগ-ছাত্রলীগ এ দেশে কিশোর বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল সেদিন তো আপনারা কোনো বিজ্ঞপ্তি দেননি। জুলাই অভ্যুত্থানে দুই সহস্রাধিক শিশু, তরুণ-যুবককে হত্যা করা হয়েছিল। সে হত্যাকারীকে আপনাদের দেশে আশ্রয় দিয়েছেন। আপনারা বাংলাদেশকে অস্থিতিশীল করে আঠারো কোটি মানুষের দেশের কিছু করতে পারবেন না। 



রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত 'ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান' গ্রন্থের উন্মোচন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচিটি আয়োজিত হয়। 


তিনি আরও বলেন, 'এ দেশে দীর্ঘদিন হিন্দু-মুসলিম একসাথে বাস করে আসছে।  হিন্দুধর্মের পূজা-পার্বনে মুসলমানরা যোগ দেয়। মুসলমানদের ঈদ-মিলাদুন্নবীতে হিন্দুরা যোগ দেয়। আমাদের এ মিলন ও ভ্রাতৃত্বের ঐতিহ্য কী ভারতের সাউথ ব্লক কী ফেলে দিতে চাচ্ছে একমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য? তাকে বাংলাদেশে প্রেরণের জন্য। আপনারা কত ধরনের চক্রান্ত করছেন আমরা জানি না। কিন্তু বাংলাদেশের মানুষ এটা ধরে ফেলেছে।' 


নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ৫ই আগস্ট দুনিয়া কাপানো বিপ্লব হয়েছে। ছাত্র-জনতার এ বিপ্লব হচ্ছে গণতন্ত্রের জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য, স্বাধীনভাবে চলাচলের জন্য এবং আমি আমার ভোট যাকে খুশি তাকে দেওয়ার জন্য। ৭ ই নভেম্বর ও ৫ আগস্টের চেতনা একই সুতোয় গাথা। আমরা সেটা গ্রহণ করেছি। আমাদের বিরুদ্ধে করা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র সফল হবে না।


পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধের বয়ানের বিষয়ে তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধকে যারা বিজয়ের পথে নিয়ে গেছে, তারা যদি মহান হয় শেখ মুজিবের অবস্থান খাটো হবে সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন। এজন্যই যারা বারবার স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ করেছেন তাদেরকে তিনি হেয় করেছেন। হেয় করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে, হেয় করেছেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদকে।’


এসময় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালানোর পর বিদেশে বসে দেশকে অস্তিশীল সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরবর্তী দেশকে বিশৃঙ্খলা করার জন্য যারা ষড়যন্ত্র করছিল ঠিক তেমনি ৫ আগষ্টের পরে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি আরও বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনে একবিংশ শতাব্দীর উপযোগী অর্থবহভাবে, ইতিবাচক, এবং কল্যানমুখি ধারণায়  মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ৩৮টি টিম বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীকে ছাত্রদলের প্রতিটি সাংগঠনিক সিদ্ধান্তে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তারও ধারবাহিকতায়  ২ হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি একুশ শতক উপযোগী, ছাত্র রাজনীতি বিনির্মানের জন্য সচেষ্ট রয়েছে। 


এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন কোনো একক কৃতিত্বের ফসল নয়। এর আগে বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামের অধ্যায় রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অন্যতম কারণ প্রশাসনিক কাঠামো সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু, তারা তাদের মূল কাজ ভুলে ফুটপাতের দোকান উৎখাত ও পলিথিন নিষিদ্ধকরণ করছে। এ ধরনের কাজে তারা অভিজ্ঞ নয়। ফলে দেশ অস্থিতিশীল হচ্ছে। আমরা তাদের বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার বিপদে পড়লে আমরা সবাই বিপদে পড়ে যাব। আপনাদের বিপদে ফেলতে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে। আশা করছি এ দিকে নজর দেবেন। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদ আলীর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক প্রমুখ।