১৭ বৈশাখ, ১৪৩৩
৩০ এপ্রিল, ২০২৬

চিকিৎসকদের কর্মবিরতি, অচল চিকিৎসা সেবা

Admin Published: March 11, 2025, 10:51 pm
চিকিৎসকদের কর্মবিরতি, অচল চিকিৎসা সেবা

স্টাফ রিপোর্টার : পাঁচদফা দাবিতে আন্দোলনরত ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের সঙ্গে সিনিয়র চিকিৎসকরাও একাত্মতা প্রকাশ করায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ পুরো শহরের সরকারি ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়েছে। চিকিৎসকদের এই কর্মবিরতির ফলে মঙ্গলবার দিনভর দূরদূরান্ত থেকে আসা রোগীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

রামেক হাসপাতালে বহির্বিভাগ, ওয়ার্ড এবং বেসরকারি হাসপাতালে রোগীরা সেবা পাচ্ছেন না। রোগীরা অভিযোগ করেন, সকাল থেকে ওয়ার্ডে কোনো চিকিৎসক আসেননি। অনেক রোগীর অবস্থা খারাপ হলেও চিকিৎসা পরামর্শ নেওয়ার কেউ নেই। নার্সদের কাছে গেলে তারা বলছেন, তাদের কিছু করার নেই।

রামেক সংলগ্ন নগরীর লক্ষ্মীপুর এলাকায় গিয়ে দেখা যায়, রোগীরা চিকিৎসকের সন্ধানে ছোটাছুটি করছেন, কিন্তু কোথাও চিকিৎসক বসেননি। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তাকর্মী হ্যান্ডমাইকে ঘোষণা ‘আজ কোনো ডাক্তার বসবেন না, হটলাইনে ফোন করে পরে আসবেন।’ এতে হতাশ রোগী ও স্বজনরা।

দুপুরের দিকে মেহেরপুর থেকে রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আসা কিডনি রোগী আনোয়ারা খাতুনের ছেলে আবদুল আলিম বলেন, ‘১ হাজার ৬০০ টাকা মাইক্রোবাস ভাড়া দিয়ে এসেছি, এসে শুনছি ডাক্তার বসবেন না। এখন ফিরেও যেতে পারছি না।’

চুয়াডাঙ্গা থেকে হৃদরোগে আক্রান্ত মেয়ে তানিয়াকে নিয়ে আসা হাসিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল সাতটায় বাড়ি থেকে বের হয়েছি, ট্রেনে এসে পৌঁছেছি দুপুরে। এখন এসে শুনি ডাক্তার বসবে না। এটা আগেই জানালে অন্তত আসতাম না।’

একই অবস্থা গ্রীণ ডায়াগনস্টিক সেন্টারসহ রাজশাহী নগরের অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও। গ্রীণ ডায়াগনস্টিক সেন্টারের কাউন্টার ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, সকালে আমরা রোগীদের সিরিয়াল নিয়েছিলাম, কিন্তু চিকিৎসকরা না বসায় এখন রোগীরা হয়রানির শিকার হচ্ছেন।

চিকিৎসকদের পাঁচদফা দাবির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই কর্মবিরতির ফলে রাজশাহীর চিকিৎসা ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে, আর রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ বলেন, ‘দফায় দফায় আল্টিমেটাম দিয়েও দাবি পূরণ না হওয়ায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। সিনিয়র চিকিৎসকরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, দাবি আদায় না হলে আন্দোলন চলবে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, শুধু জরুরি বিভাগ ও নতুন ভর্তি রোগীদের সেবা দেওয়া হচ্ছে। আন্দোলন দীর্ঘস্থায়ী হবে কিনা, তা নির্ভর করছে হাইকোর্টের আসন্ন রায়ের ওপর।