১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই

Admin Published: August 22, 2024, 5:52 pm
গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই

ডিএনএন ডেস্ক :  আইনের দৃষ্টিতে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করেন আদালত। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। 

ওই রুল শুনানির জন্য চলতি বছর হাইকোর্টে আবেদন জানায় রিটকারী পক্ষ। কিন্তু আবেদনে তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশনা অনুযায়ী তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিশ জারির নির্দেশ দেন আদালত। এরপরই নোটিশ জারি করা হয়।