৭ চৈত্র, ১৪৩২
২১ মার্চ, ২০২৬

রাবি হচ্ছে ক্যাশলেস ক্যাম্পাস

Admin Published: September 9, 2025, 11:34 pm
রাবি হচ্ছে ক্যাশলেস ক্যাম্পাস
স্টাফ রিপোর্টার : সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আরাফাত হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে মতবিনিময় করেন। উপাচার্যের কার্যালয়ে এই মতবিনিময়কালে প্রতিনিধিদলটি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পরিকল্পনা ও তা বাস্তবায়নের কর্মকৌশল সম্পর্কে অবহিত করেন। 

প্রতিনিধিদলটি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার জন্য রাবি ক্যাম্পাসে ‘ক্যাশলেস’ লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং সুবিধা সম্পর্কে আলোচনা করেন। সেই লক্ষ্যে তারা রাবিকে বেছে নেওয়ার কথা জানান। এই বিষয়ে রাবির স্টেকহোল্ডারদের অবহিত করার জন্য আগামী ১৮ সেপ্টেম্বর সিনেট ভবনে একটি সভা অনুষ্ঠিত হবে বলেও তারা জানান। 

উপাচার্য ক্যাশলেস সোসাইটি ও ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য রাবিকে মনোনীত করায় ধন্যবাদ জানান ও সে লক্ষ্যে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ প্রতিনিধিদলের সদস্য মাস্টারকার্ড বাংলাদেশের মার্চেন্ট ও কমার্স বিভাগের ব্যবস্থাপক জুবায়ের হোসেন পাভেল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আঞ্চলিক প্রধান মো. মনিরুল ইসলাম ও একই ব্যাংকের রাজশাহী শাখা প্রধান মো. খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।