৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

রাবি ক্যাম্পাসে বহিরাগত ঠেকাতে স্থানীয়দের সহযোগিতা চাইলেন ভিসি

Admin Published: July 28, 2024, 5:56 pm
রাবি ক্যাম্পাসে বহিরাগত ঠেকাতে স্থানীয়দের সহযোগিতা চাইলেন ভিসি

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত আবাসিক হল ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। রবিবার দুপুরে তিনি হলগুলোতে পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, মাদার বখ্শ হল, শহীদ জিয়াউর রহমান হলসহ অন্যান্য স্থাপনা ঘুুরে দেখেন। পরে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে সহিংসতা ও ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন উপাচার্য।

তিনি বলেন, প্রশাসন ভবনসহ ১০টি হলে হামলা হয়েছে। হামলায় নয়টি হলের ১৫৮টি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় ৪ কোটি টাকা। উপাচার্য বলেন, কয়েকটি হল বসবাসের উপযোগি নয়। জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে। আগুনের শিখায় ছাদও ক্ষতিগ্রস্থ হয়েছে। সেগুলো হল মেরামত করে বসবাসের উপযোগি করতে হবে। তার পর হল খোলার সিদ্ধান্ত নেওয়া যাবে।

উপচার্য ড. গোলাম সাব্বির আরও বলেন, কোন কিছু হলেও বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয়ে হামলা করে। চার দিক থেকে তারা ক্যাম্পাসে ঢুকে পড়ে। এ ভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে শুধু ক্ষতি শিক্ষার্থীদের নয় বিশ্ববিদ্যালয়ের চার পাশে যারা বসবাস করে তাদেরও ক্ষতি। তাই তাদেরকেও এগিয়ে আসতে হবে; যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করে উপাচার্য।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক নাসিমা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে উপস্থিত ছিলেন।