স্টাফ রিপোর্টার : রাজশাহীর বিভিন্ন মসজিদ-মাদ্রাসা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিন দিনের সরকারি সফরে রাজশাহী এসে তিনি আজ শনিবার সকালে পবা মডেল মসজিদ, ডাক্সগীপাড়াস্থ আল জামি‘আহ আস-সালাফিয়্যাহ মাদ্রাসা, নওদাপাড়াস্থ আল মারকাজুল ইসলামি আস সালাফি মাদ্রাসা এবং দুপুরে জামিয়া উসমানিয়া কাটাখালী মাদ্রাসা পরিদর্শন করেন।
উপদেষ্টা সকালে পবা উপজেলা মডেল মসজিদে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকারগণের উপজেলা মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকারগণের উদ্দেশে ধর্ম উপদেষ্টা বলেন, আপনারা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে প্রাণবন্ত করতে আরও লোকবল প্রয়োজন। এসময় প্রকল্পভুক্ত শিক্ষক-কেয়ারটেকারদের রাজস্ব খাতে আত্তীকরণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, দেশের এই অর্থনৈতিক অবস্থায় প্রকল্পভুক্ত লাখ-লাখ মানুষকে রাজস্বখাতে আত্তীকরণ করা সম্ভব নয়। তারপরও তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এ বিষয়ে চেষ্টার আশ^াস দেন।
এরপর ধর্ম উপদেষ্টা পবা উপজেলাধীন ডাক্সগীপাড়াস্থ আল জামি‘আহ আস-সালাফিয়্যাহ মাদ্রাসার ইমাম আহমাদ ইবনু হাম্বাল একাডেমিক ভবন পরিদর্শন করেন ও মাদ্রাসার বিভিন্ন একাডেমিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং বায়তুল হামদ্ জামে মসজিদে অনুষ্ঠিত ছাত্র ও শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে ঐতিহ্যবাহী এ মাদ্রাসা পরিদর্শন করে নিজেকে ভাগ্যবান বলে দাবী করেন। তিনি এ মাদ্রাসার শিক্ষাসহায়ক সুন্দর পরিবেশ ধরে রাখার উপর জোর দেন এবং এ মাদ্রাসায় অধ্যয়নরত অনেক শিক্ষার্থী পাশ করে পৃথিবীর বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছে বলে মন্তব্য করেন। মতবিনিময় সভায় আল জামি‘আহ আস-সালাফিয়্যাহ’র পক্ষ হতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ২২ দফা প্রস্তাব পেশ করা হয়।
পরে ধর্ম উপদেষ্টা নওদাপাড়ায় অবস্থিত আল মারকাজুল ইসলামি আস সালাফি মাদ্রাসায় ছাত্র-শিক্ষকগণের অংশগ্রহণে অনুরূপ এক মতবিনিময় সভায় অংশ নেন।
দুপুরে তিনি জামিয়া উসমানিয়া কাটাখালী মাদ্রাসা পরিদর্শন করেন এবং সেখানে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ফেসবুকে তিন লক্ষ টাকায় হজে যাওয়ার প্রচারণাকে ভুয়া তথ্য বলে মন্তব্য করেন। এসময় তিনি সিন্ডিকেট ভেঙ্গে হজের ব্যয় কমানোর চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।