স্টাফ রিপোর্টার : গলায় ফাঁসির রশি নিয়ে বিক্ষোভ করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও কলেজ পরিদর্শকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
জানা গেছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে এই শিক্ষার্থীদের পরীক্ষার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়টির ভিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের ফলে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। কয়েকজন কর্মচারী জানান, পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। কিন্তু ভিসি ও পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগের ফলে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান।
তবে শিক্ষার্থীরা অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় অতিদ্রুত পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের এক দফা দাবি জানায়। এসময় শিক্ষার্থীদের নিজেদের গলায় রশি ঝুলিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, নানা অব্যবস্থাপনার কারণে রামেবির আওতায় নার্সিং ইন্সটিটিউট শিক্ষার্থীদের পরীক্ষা পেছানো হচ্ছে। এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটেছে। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের একটি চক্র ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল। কিন্তু ভিসি কোনো ব্যবস্থা না নিয়ে পরীক্ষা স্থগিত করে দেন। এভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। তারা দ্রুত নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষাগ্রহণসহ ফলাফলও প্রকাশের দাবি জানান।
তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক পদত্যাগ করায় এ বিষয়ে কারও বক্তব্য পাওয়া যায়নি।