১৭ বৈশাখ, ১৪৩৩
৩০ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে পৌনে ৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

Admin Published: March 9, 2025, 5:43 pm
রাজশাহীতে পৌনে ৪ লাখ শিশুকে ভিটামিন  ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

স্টাফ রিপোর্টার: আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একদিনের ক্যাম্পেইনে রাজশাহীর পৌনে ৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলার সিভিল সার্জনের কার্যালয়ে এক অবহিতকরণ সভায় সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

সভার তথ্য অনুযায়ী, রাজশাহীর মোট ৩ লাখ ৭৪ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার ৯ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৩৩ হাজার, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৭২ হাজার। জেলায় মোট ২ হাজার ২০১টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে।

এছাড়া রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬১ হাজার শিশুকে ৪৮৩ কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। নির্ধারিত দিনেই সবাইকে ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানানো হয়েছে।

সভায় ক্যাম্পেইন নিয়ে সার্বিক তথ্য তুলে ধরেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন ও মেডিকেল অফিসার ডা. তামান্না কবির।

সভায় সিভিল সার্জন জন্মের পরই শিশুকে শাল দুধসহ মায়ের দুধ খাওয়ানোর ওপর জোর দেন। শিশুর শরীরের ভিটামিনের চাহিদা পূরণে মায়ের বুকের একটি দুধ কমপক্ষে পাঁচ মিনিট খাওয়ানোর পর অন্যটি খাওয়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া মায়েদের গাজর, লালশাক, মিষ্টি কুমড়া, মাছ, মাংস, দুধ ও ডিমের মতো ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শও দেন সিভিল সার্জন।