১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বিরুদ্ধে মামলা

Admin Published: August 25, 2024, 5:25 pm
রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী  শাহরিয়ারের বিরুদ্ধে মামলা


স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এবার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় আসামি হিসেবে মোট ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

মুখলেছুর রহমান মুকুল (৫৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে শনিবার দিবাগত রাতে মামলা করেছেন। মুখলেছুর রহমানের বাড়ি জেলার বাঘা উপজেলার বাজুবাঘা নতুনপাড়া গ্রামে। বাঘা থানার ওসি আবু সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩ আগস্ট মামলার আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। মামলার বাদী মুখলেছুর রহমান ওই পথ দিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। এরপর সেখানে সিরাজুল ইসলাম, শাহিনুর রহমান পিন্টু ও মো. জাহিদ নামের তিনজন তার মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্নভাবে ছাত্রদের সহযোগিতা করছেন। তাই তাকে তাদের ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে।

মুখলেছুর রহমান চাঁদা দিতে অস্বীকার করলে তার পকেট থেকে ৫০ হাজার টাকা বের করে নেওয়া হয়। ওই সময় মুখলেছুরকে ভয় দেখানো হয়, এ ঘটনা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে।

বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, মামলার আসামিরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। একজন উপপরিদর্শককে (এসআই) মামলা তদন্তের জন্য দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।