রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম কাল শেষ হয়েছে। এদিকে পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী ডোপ টেস্টের সময়সীমা কাল শেষ হওয়ার কথা থাকলেও আরও একদিন সময় বাড়ানো হয়েছে। ডোপ টেস্টের জন্য সর্বমোট ৮৪১ জন প্রার্থী নমুনা প্রদান করেছেন। ডোপ টেস্টের সম্পূর্ণ খরচ নির্বাচন কমিশন বহন করছে।
গতকাল (৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আরও ৪৬ জন শিক্ষার্থী। এখন পর্যন্ত রাকসু , হল সংসদ ও সিনেট মিলিয়ে প্রায় ৮ শতাধিক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয় সেকশন অফিসার মোহাইমিনুল হক থেকে প্রাপ্ত তথ্যনুযায়ী, শেষ দিনে নমুনা প্রদান করেছেন ১৫৪ প্রার্থী। সর্বোমোট ৮৪১ জন প্রার্থী নমুনা প্রদান করেছেন। এর মধ্যে ৬৮৭ জনের ফলাফল এসেছে। প্রায় ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের প্রদত্ত আচরণ বিধি অনুযায়ী,কোনো প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীতা বাতিল হবে।
তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সকালে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডোপ টেস্টের নমুনা সংগ্রহ চলেছিল সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। তবে এর পর যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম বলেন, আজ সাড়ে ১১ টার পরে অনেক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ফলে যে প্রার্থীরা আজ নমুনা দিতে পারে নি তারা কাল সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত নমুনা দিতে পারবেন। কালই নমুনা প্রদানের শেষ দিন। এরপর আর সময় বাড়ানো হবে না।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগস্টের ২৮ তারিখ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের নমুনা সংগ্রহের সময় নির্ধারণ করে নির্বাচন কমিশন । এরপর প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করায় মনোনয়ন পত্র বিতরণের সময়সীমা বাড়ায় নির্বাচন কমিশন। ফলে ডোপ টেস্টের নমুনা সংগ্রহের সময়ও বাড়ানো হয়। বর্ধিত সময় অনুযায়ী ২ ও ৩ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত নমুনা নেয়া হয়।