স্টাফ রিপোর্টার : পাঁচদফা দাবি আদায় না হওয়ায় সকল সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। রবিবার দুপুরে রামেক হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ হুঁশিয়ারি দেন।
পরে সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকেরা তিন দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। এর আগে তারা দাবি আদায়ে রাজশাহী মেডেকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ বলেন, এখন থেকে তিন দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হচ্ছে। ১২ মার্চের মধ্যে দাবি আদায় না হলে চিকিৎসকেরা জরুরি বিভাগের সেবা, বর্হিবিভাগের সেবা এবং প্রাইভেট প্যাকটিস বন্ধ করতেও তারা বাধ্য হবেন।
তাদের দবিগুলোর মধ্যে রয়েছে, এমবিবিএস/ বিডিএস ব্যতীত কেউ নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবে না-এ আইনের বিরুদ্ধে করা বিএমডিসি’র বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। ২০১০ সাল থেকে হাসিনা সরকার ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া দেওয়া শুরু করেছে-অবিলম্বে এটি বন্ধ করতে হবে। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো কোন ওষুধ বিক্রি করতে পারবে না।
স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্যপদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে।
আন্দোলনকারীরা বলেন, আগামী ১২ তারিখের মধ্যে দাবি না মানলে, কঠোর কর্মসূচি হিসেবে হাসপাতালের সব সেবা বন্ধ করে দেওয়া হবে।