১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

সিনেমায় বিজরী বরকতউল্লাহ

Admin Published: November 15, 2025, 7:29 pm
সিনেমায় বিজরী বরকতউল্লাহ

ডিএনএন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিজরী বরকতউল্লাহ আজ ১৫ নভেম্বর জন্মদিন উদযাপন করবেন। জন্মদিন উপলক্ষে তার স্বামী জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার তাকে নিয়ে গতকাল থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে বিশেষ আয়োজনের মাধ্যমে জন্মদিন উদযাপন করবেন তারা। উদযাপন শেষে ২৭ নভেম্বর দেশে ফিরবেন।এদিকে জন্মদিন উপলক্ষে বিজরী তার ভক্তদের একটি সুখবর দিয়েছেন। জানিয়েছেন, সম্প্রতি তিনি একটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। যদিও সিনেমার টিম বিস্তারিত জানাতে নিষেধ করেছে। চরিত্রটি তার খুবই পছন্দের এবং সিনেমাটি নিয়েও আশাবাদী এই অভিনেত্রী।


বিজরীর অভিনয় জীবনের শুরু শিশু বয়সেই। মাত্র আড়াই বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনে বাচ্চাদের অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়ান। ক্লাস সিক্সে থাকাকালে ‘সুখের ছাড়পত্র’ নাটকে অভিনয় করে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তী সময়ে ধারাবাহিক নাটক ও প্যাকেজ নাটকে কাজ করে তিনি শক্ত অবস্থান তৈরি করেন।


জন্মদিন ও সিনেমায় অভিনয় প্রসঙ্গে বিজরী বলেন, ‘এবারের জন্মদিন থাইল্যান্ডে উদযাপন করছি ইনশাআল্লাহ, আর এর জন্য পুরোটা ক্রেডিটই দিনারের। কারণ, তার আগ্রহেই এবার কয়েকটা দিন আমরা থাইল্যান্ডে নিজেদের মতো কাটাব। আমি আগেও বলেছি, দিনার খুব সুন্দর মনের একজন মানুষ। খুব সাধারণ জীবনযাপনে সে অভ্যস্ত এবং স্পষ্টবাদী। তার বিশেষ এই গুণগুলো আমার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল। এখনো দিনার ঠিক তাই। আর এরই মধ্যে আমি একটি সিনেমায়ও অভিনয় করেছি। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। তবে সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী।’