রাবি প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সাইন্স বিভাগের এক কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (২ডিসেন্বর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস।
নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স বিভাগের সেকশন অফিসার পদে কর্মরত ছিলেন । তার বাড়ি রাজশাহী মহানগরীর মতিহার থানার আমজাদের মোড় এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় মটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে যান। এরপর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়। তার দেহের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে। এছাড়া প্রচুর রক্তক্ষরন হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার রায় বলেন, মূলত হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আমরা তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি।আমরা হাসপাতালেই আছি।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, আজ সন্ধ্যায় একটি মোটরসাইকেল পথচারীকে ধাক্কা দেয় এতে একজন পথচারী ও মোটরসাইকেল আরোহী আহত হয়। আহত অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে ওই পথচারী মৃত্যুবরণ করেন। মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।