স্টাফ রিপোর্টার : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্নাতক পর্যায়ের গবেষণাভিত্তিক প্রতিযোগিতা ‘দ্য ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশনে (ইউপিসি) অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। রুয়েট সূত্র জানায়, ইউপিসি একটি আন্তর্জাতিক মানের একাডেমিক প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় রুয়েটের কোনো দলের এটিই প্রথম স্বর্ণপদক অর্জন। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৮৩৮টি দল অংশ নেয়। এর মধ্যে মাত্র ১৬টি দল স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়। সেই তালিকায় স্থান করে নেয় রুয়েটের ‘টিম ৪৯৬’। এই অর্জনের মাধ্যমে গত ১৬ বছরে বাংলাদেশ থেকে স্বর্ণপদকপ্রাপ্ত তৃতীয় দল হিসেবে ইতিহাসে যুক্ত হলো রুয়েট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা নিজের শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করেই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। প্রতিযোগিতায় প্রতিটি দলে তিনজন করে সদস্য ছিলেন। রুয়েটের বিজয়ী দলে ছিলেন রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থী রুদ্র কর্মকার ও সানজিদা ইসলাম মৌ। দলের তত্ত্বাবধায়ক ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। এবারের প্রতিযোগিতা ২০২৫ সালের ৭ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে একটি বাস্তবভিত্তিক জটিল সমস্যা বিশ্লেষণ করে গবেষণাধর্মী প্রবন্ধ প্রস্তুত করতে হয়। ফলাফল প্রকাশিত হয় চলতি বছরের ১৫ জানুয়ারি।
এদিকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করায় রুয়েট পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এই সাফল্য রুয়েটের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের গবেষণামুখী মনোভাব ও একাডেমিক উৎকর্ষের এটি একটি উজ্জ্বল উদাহরণ। তিনি বিজয়ী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই সাফল্য ভবিষ্যতে রুয়েটের শিক্ষার্থীদের বৈশ্বিক পর্যায়ে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন।