১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোর গঠনে আগ্রহী চীন

Admin Published: June 26, 2026, 6:35 pm
বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোর গঠনে আগ্রহী চীন

ডিএনএন ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর (ইকোনমিক করিডোর) গঠনের প্রস্তাব দিয়েছে চীন। এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।


তিনি বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে কানেক্টিভিটি জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের লক্ষ্য হবে বাংলাদেশের অর্থনীতির পরিধি বৃদ্ধি, বাণিজ্যিক লেনদেন সম্প্রসারণ এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থার উন্নয়ন।


মাহদী আমিন জানান, চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং মোংলা বন্দরকে আরও উন্নত ও সেবামুখী করতে চীন আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।


তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ককে শুধু অর্থনীতি নয়, জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের (পিপল টু পিপল) ভিত্তিতেও আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। সংস্কৃতি, গণমাধ্যম, প্রযুক্তি, জ্ঞান বিনিময় এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


শিক্ষা খাতে ম্যান্ডারিন ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় সহযোগিতার আগ্রহও প্রকাশ করেছে চীন। এ জন্য শিক্ষক ও প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটি।


স্বাস্থ্য খাতে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, রোবটিক সার্জারি, হাসপাতাল উন্নয়ন এবং বাংলাদেশি রোগীদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।


রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বাংলাদেশ নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এ বিষয়ে প্রয়োজন হলে মিয়ানমারের সঙ্গে সংলাপ এগিয়ে নিতে সহায়তা করার আশ্বাস দিয়েছে চীন।


এ ছাড়া প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা খাতে ‘টু প্লাস টু’ সংলাপ চালুর বিষয়ে সমঝোতা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত সংলাপ অনুষ্ঠিত হবে।


তিনি আরও জানান, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ব্রিকসের সদস্যপদের জন্য আবেদন করলে চীন তা স্বাগত জানাবে বলেও বৈঠকে জানানো হয়েছে।