৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বিশ্বকাপে সীমিত সুযোগে সন্তুষ্ট নন নেইমার

Admin Published: July 4, 2026, 3:14 pm
বিশ্বকাপে সীমিত সুযোগে সন্তুষ্ট নন নেইমার

ডিএনএন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত খুব বেশি খেলার সুযোগ পাননি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এ কারণে তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে এই পরিস্থিতি নেইমার পেশাদারিত্বের সঙ্গে সামলাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।এবারের বিশ্বকাপে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে মাঠে নেমেছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষ ১৪ মিনিট বদলি হিসেবে খেলেছিলেন তিনি।


রোববার মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে শুরুতে বদলি বেঞ্চেই দেখা যেতে পারে।


ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলো-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘নেইমার মোটেই সন্তুষ্ট নয়। তবে সে শান্ত আছে এবং অনুশীলনেও দারুণ করছে। সতীর্থদের কাছে সে অত্যন্ত সম্মানিত একজন খেলোয়াড়। দলের জন্য তার অবদান অনেক বড়। অবশ্যই সে প্রতিটি ম্যাচেই খেলতে চায়।’


ডান পায়ের কাফ পেশির চোট নিয়ে বিশ্বকাপে খেলতে আসেন নেইমার। যদিও কোচ জানিয়েছেন, তিনি এখন খেলার জন্য প্রস্তুত। তবে পুরো ৯০ মিনিট খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।


আনচেলত্তি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার এখন খেলতে প্রস্তুত। তবে সে কতক্ষণ খেলতে পারবে, সেটি নিশ্চিত করে বলা কঠিন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যখন প্রয়োজন হবে, তখনই তাকে মাঠে নামানো হবে।’


শেষ ষোলোর প্রতিপক্ষ নরওয়েকে নিয়েও সতর্ক ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘নরওয়ের বিপক্ষে খেলা সবসময় কঠিন। তারা রক্ষণে খুবই সংগঠিত দল। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। গোল হজম করলেও ম্যাচে কীভাবে ফিরে আসতে হয়, সেটাও আমাদের জানা আছে।’


পরিসংখ্যানও ব্রাজিলের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। আগের চার দেখায় নরওয়েকে একবারও হারাতে পারেনি সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটিতে জয় পেয়েছে নরওয়ে। এছাড়া ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয় পায়নি ব্রাজিল।