৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় হাইকোর্টের দ্বারস্থ জাহ্নবী

Admin Published: August 23, 2026, 5:57 pm
ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় হাইকোর্টের দ্বারস্থ জাহ্নবী

ডিএনএন ডেস্ক : অনলাইনে নিজের পরিচয় ও ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।জাহ্নবীর করা মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার অভিযোগ উঠে এসেছে। আদালত এসব বিকৃত ও স্পর্শকাতর কনটেন্টকে সাধারণ ভক্তদের পরিচালিত পেজ থেকে আলাদাভাবে বিবেচনার ওপর গুরুত্ব দিয়েছেন।



গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মামলায় প্রায় সাত হাজার লিংকের বিষয়টি উল্লেখ করা হলেও এর মধ্যে ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে আপত্তিকর ও অশালীন কনটেন্ট দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।


আদালত পর্যবেক্ষণে বলেন, কোনো তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজকে স্বয়ংক্রিয়ভাবে বেআইনি বলা যায় না। এসব পেজে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু তারকার নাম বা ছবি ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করে দেওয়ার যৌক্তিকতা নেই।


তবে কোনো পেজে অশালীন কনটেন্ট প্রচার করা হলে কিংবা কোনো তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আদালত জানিয়েছেন।


জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা ‘পেড্ডি’-তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে রাম চরণ ও শিবরাজ কুমারের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি গত জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর নেটফ্লিক্সেও প্রকাশিত হয়েছে।