১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
২৮ নভেম্বর, ২০২৬
News Banner

চারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা

Admin Published: November 28, 2026, 3:19 pm
চারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে  ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টাির: রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ও শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরে একই মাঠ সংস্কারের নামে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে ২ লাখ টাকা অনুদান নেওয়ার ঘটনায় সরকারি অর্থের ব্যবহার ও স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের এই মাঠটি কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একমাত্র ভরসা। কিন্তু সম্প্রতি মাঠের একটি অংশ ভাড়া দিয়ে সেখানে ইক্ষু ক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের পুরো মাঠজুড়ে আখ কেনাবেচা, যানবাহনের আনাগোনা ও শ্রমিকদের জটলা লেগেই থাকছে। ফলে শিক্ষার্থীদের মাঠে নামা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং শ্রেণিকক্ষের পরিবেশেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে এই খেলার মাঠ সংস্কার ও উন্নয়নের কথা উল্লেখ করে পিআইও অফিস থেকে ২ লাখ টাকা বরাদ্দ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। মাঠ সংস্কার করা হলেও স্কুল মাঠটি পুনরায় বাণিজ্যিক উদ্দেশ্যে মাঠটি ইক্ষু ক্রয়কেন্দ্রকে ব্যবহারের সুযোগ করে দেওয়ায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে অভিভাবকসহ এলাকাবাসীর।এতে একদিকে যেমন শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে। তেমনি সরকারি অনুদানের অর্থের অপচয় হচ্ছে বলে মনে করেন সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, প্রতি বছরই স্কুল কর্তৃপক্ষ মাঠ সংস্কারের নামে সরকারী অনুদান নিয়ে লোক দেখানো মাঠ সংস্কার কওে উল্টো মাঠে ইক্ষু ক্রয়কেন্দ্র চালু করে আসছেন। তবে এভাবে আর চলতে দেয়া হবে না।  

এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত ইক্ষু ক্রয় কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নিয়ে খেলার মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। একই সঙ্গে মাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদানের প্রকৃত ব্যয় ও কার্যক্রমের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

ইক্ষু ক্রয় কেন্দ্রের সিআইস মুক্তা জানান, বিদ্যালয়ের সঙ্গে ইক্ষু ক্রয়কেন্দ্রর উর্দ্ধতন কর্মকর্তাদের চুক্তিতে বিদ্যালয় মাঠ ব্যবহার করা হচ্ছে।

খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রথান শিক্ষক রশিদুল ইসলাম জানান, এলাকার আখ চাষী ও কৃষকদের অনুরোধে ৬ হাজার ৮০০ টাকা চুক্তিতে মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকার্থী ও বিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে ইক্ষু ক্রয়কেন্দ্রটি জরুরী ভিত্তিতে সরিয়ে নেয়ার জন্য ইক্ষু ক্রয়কেন্দ্রের কর্তৃপক্ষকে ইতিমধ্যে লিখিত ভাবে জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেয়ার কোন বিধান নেই। তার পরেও শিক্ষার্থীদের খেলাধুলা ও বিদ্যালয়ের পাঠদানে ব্যাঘাত সৃষ্টি করে এমন কার্যক্রম কোন বিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালানা করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ এ ব্যবহৃত মুঠো ফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।