৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬
বিশ্বকাপ

দৌড়ে এগিয়ে ফ্রান্স, আর্জেন্টিনা-ইংল্যান্ডকে নিয়ে কী বলছে সুপারকম্পিউটার

Admin Published: July 13, 2026, 2:49 pm
দৌড়ে এগিয়ে ফ্রান্স, আর্জেন্টিনা-ইংল্যান্ডকে নিয়ে কী বলছে সুপারকম্পিউটার

ডিএনএন ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ১০০ ম্যাচের মাইলফলক অতিক্রম করেছে। টুর্নামেন্টজুড়ে রোমাঞ্চ, অঘটন ও নাটকীয়তার পর বিদায় নিয়েছে ৪৪টি দল। এখন শিরোপার লড়াইয়ে টিকে আছে মাত্র চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দলই এবার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা গত চারটি বিশ্বকাপের তিনটির শিরোপাজয়ী। অন্যদিকে, ইংল্যান্ড সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। প্রায় ছয় দশকের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন নিয়ে এবার শেষ চারে খেলছে দলটি।


বিশ্বকাপ ইতিহাসে এটি তৃতীয়বার, যখন চারটি সেমিফাইনালিস্ট দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। এর আগে ১৯৭০ ও ১৯৯০ সালের বিশ্বকাপেও এমন দৃশ্য দেখা গিয়েছিল।


এদিকে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার শিরোপা জয়ের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রেখেছে ফ্রান্সকে। তাদের হিসাব অনুযায়ী, ফরাসিদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭ দশমিক ০৭ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ।


শিরোপা সম্ভাবনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। লা রোজাদের ফাইনালে খেলার সম্ভাবনা ৪২ দশমিক ০৩ শতাংশ, আর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৩ দশমিক ০৪ শতাংশ।


বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৪৯ দশমিক ০১ শতাংশ। লিওনেল মেসিদের টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ২০ দশমিক ০৬ শতাংশ।


অন্যদিকে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ০৯ শতাংশ। হ্যারি কেইনের দল শিরোপা জিততে পারে—এমন সম্ভাবনা দেখিয়েছে ২১ দশমিক ০৯ শতাংশ।


এখন মাঠের লড়াইয়ে দেখা যাবে, সুপারকম্পিউটারের পূর্বাভাস সত্যি হয়, নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে বিশ্বকাপের শেষ অধ্যায়ে।