রাবি সংবাদদাতা:অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, 'এগারো জন জন মাঠে খেললেও আমরা যে আঠারো কোটি মানুষ এক হয়ে যেতে পারি, আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়, সেটাকে আমাদের জাতীয় শক্তিতে রুপান্তর করতে হবে। সেই স্পিরিটকে কাজে লাগিয়ে আমাদের দেশ গড়ার লড়াই চালিয়ে যেতে হবে।'
আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত রাবি বনাম রুয়েটের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, 'আমাদের এই অন্তর্বর্তী সরকারের একটা চরিত্রের জায়গা হচ্ছে এখানে যুবকরা আছে আবার প্রবীণরাও আছে। এখানে কিন্তু প্রবীণরা কোনোভাবেই যুবকদের থেকে পিছিয়ে নেই।আমাদের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব। তিনি ক্রীড়া ব্যক্তিত্ব নন, তবে খেলাধুলার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার একটা প্রভাব রয়েছে। তিনি অলিম্পিক উদ্বোধন করেন। তিনি আমাদের গতকালও বলেছেন খেলার যে শক্তি আছে এটা আমাদের মধ্যে একটা উজ্জীবন তৈরি করে।'
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, 'আমরা অভ্যুত্থানের পর দুইটা বড় জাতীয় অর্জন পেয়েছি। একটা পাকিস্তানের সঙ্গে আমরা টেস্ট সিরিজ জয় করেছি। আর সাফ অনুর্ধ্ব-২০ এ চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের জন্য ভাগ্যই বলা যায়। কারণ আমরা বেশি কাজ করার সুযোগে পাইনি। কিন্তু এর ধারাবাহিকতা যেন থাকে সে জন্য আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কাজ করে যাব। স্পোর্টসের জন্য আমাদের দিক থেকে আমরা কাজ করে যাব, কিন্তু অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ। যেটা ইদানিং দেখা যাচ্ছে স্মার্টফোনে আসক্তিসহ বিভিন্ন দিকে আমরা সরে যাচ্ছি। তাই আমাদের নিজেদের জায়গা থেকে অংশগ্রহণ করতে হবে খেলাধুলাতে। তরুণদের উদ্বুদ্ধ করতে হবে মাঠে খেলার জন্য।'
রাবি বনাম রুয়েটের প্রীতি ফুটবল ম্যাচের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। তাঁর বক্তব্যে উপাচার্য বলেন, 'এই প্রীতি ম্যাচের সময় মাননীয় উপদেষ্টার উপস্থিতি নিঃসন্দেহে অংশগ্রহণকারী দুটি দলকে অনুপ্রাণিত করেছে।' উপাচার্য অংশগ্রহণকারী দলগুলিকে অভিনন্দন জানিয়ে আগামীতে ক্রীড়াক্ষেত্রে এই দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় এই রাবি বনাম রুয়েটের প্রীতি ফুটবল ম্যাচ। এতে দুই শূন্য গোলে জয় লাভ করে রাবি।
ডিএনএন/এলএস/১৭ সেপ্টেম্বর