স্টাফ রিপোর্টার : মানবাধিকারকর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে রাজশাহীতে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজশাহীর হোটেল ওয়ারিসনে অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গ্লোবাল এফেয়ার কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত ‘নাগরিকতা’ পোগ্রামের আওতাধীন ‘ইনগেজ নাও’ প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে এসিডি-রাজশাহী।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক, নারী নেত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় মানবাধিকার কর্মীদের কাজের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, নিরাপত্তা ঝুঁকি, আইনি সুরক্ষার প্রয়োজনীয়তা এবং একটি কার্যকর মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা বলেন, মানবাধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে মানবাধিকার কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের স্বাধীন ও নিরাপদভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে এবং হয়রানি, ভয়ভীতি ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে একটি যুগোপযোগী ও কার্যকর আইন প্রণয়ন সময়ের দাবি।
আলোচনায় অংশগ্রহণকারীরা প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারা ও বিষয়বস্তু নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন, যা আইনটির খসড়া চূড়ান্তকরণে সহায়ক হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনগেজ নাও প্রকল্পের কো-অর্ডিনেটর মো. রোকনুজ্জামান।