১৭ ভাদ্র, ১৪৩৩
০১ সেপ্টেম্বর, ২০২৬

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মোজতবা খামেনির

Admin Published: August 30, 2026, 6:16 pm
মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মোজতবা খামেনির

ডিএনএন ডেস্ক: বিশ্বজুড়ে মুসলিম সমাজকে টুকরো টুকরো করে নিজেদের রাজত্ব চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে জানিয়ে সব ইসলামী দেশকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এক লিখিত বার্তায় তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মূল শত্রু হিসেবে দায়ী করেন। তিনি বলেন, বাইরের এই শত্রু শক্তিগুলো ভাষা, জাতি, সমাজ ও রাজনীতির নানা পার্থক্যকে কাজে লাগিয়ে মুসলিম দেশগুলোর ভেতরে ফাটল তৈরি করতে চাইছে, যেন তারা দুর্বল হয়ে পড়ে।


মুসলিমদের মধ্যকার অমিল ও বিভেদের সুযোগ নিয়েই ফিলিস্তিনের ওপর বছরের পর বছর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আফসোস করে বলেন, মুসলিম বিশ্ব যদি শক্ত হাতে এক হয়ে রুখে দাঁড়াত, তবে আজ ফিলিস্তিনিদের ওপর এমন অত্যাচার চালানো সম্ভব হতো না। 



আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের তেল খাতে আঘাত, বিলিয়ন ডলারের ঝুঁকিতে মার্কিন বিনিয়োগ

মধ্যপ্রাচ্যের তেল খাতে আঘাত, বিলিয়ন ডলারের ঝুঁকিতে মার্কিন বিনিয়োগ

পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, পুরো মুসলিম সমাজ ইসলামের পতাকাতলে এক হলে হাজার হাজার মাইল দূরের কোনো অন্যায়কারী শক্তি এসে মধ্যপ্রাচ্যের ধন-সম্পদ দখল করার সাহস পেত না।


ইসলামী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের চোখ খুলে শত্রু চেনার পরামর্শ দিয়ে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের অন্যায্য শাসক আর ভুয়া ইসরাইলি সরকার কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না। এরা কেবল ইরান কিংবা মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কিছু দেশের শত্রু নয়, বরং এরা পুরো বিশ্বের মুসলিমদের চূড়ান্ত ক্ষতি করতে চায়। 


তাই সময় থাকতে নিজেদের মধ্যকার হিংসা-বিদ্বেষ ভুলে আসল শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।


সূত্র: আল-জাজিরা।