৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

Admin Published: June 16, 2026, 2:22 pm
নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ডিএনএন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জন্য দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর এবার চোটগ্রস্ত তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে আরও হতাশাজনক খবর পেল সেলেসাও শিবির। সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না ব্রাজিলের এই সুপারস্টার।আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী নেইমার এখনো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি। গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাংসপেশিতে গ্রেড-২ ইনজুরিতে পড়েন তিনি। সেই চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়া এখনো শেষ হয়নি।


বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেলেও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি নেইমারের। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও ম্যাচে খেলতে পারেননি। সোমবারও দলের অনুশীলনে অংশ নিতে পারেননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড।


ব্রাজিল দলের মেডিকেল বিভাগ নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থার মূল্যায়নে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দুটি তিনি মিস করবেন। দলের চিকিৎসকরা তাকে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা করছেন।


বিষয়টি নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা চাই সে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরুক। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’


বিশ্বকাপের আগে নেইমারের ফিটনেস নিয়ে যে শঙ্কা ছিল, সেটিই এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। ফলে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।


নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সমর্থকদের আশা, গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট রাউন্ডে দলের সবচেয়ে বড় তারকা ফিরে এসে আবারও নেতৃত্ব দেবেন শিরোপা জয়ের অভিযানে।