ডিএনএন ডেস্ক: গুণী অভিনেত্রী বন্যা মির্জা এবার নিউইয়র্কের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। মাসুম রেজার রচনা ও খায়রুল ইসলাম পাখির নির্দেশনায় ‘নেমেসিস’ নাটকটি প্রযোজনা করছে থিয়েটার ৭১। আগামী ৫ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় নাটকটির প্রথম প্রদর্শনী হবে। একই দিন বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় দুটি শো অনুষ্ঠিত হবে। নাটক প্রসঙ্গে বন্যা মির্জা বলেন,‘প্রথমত ভালো লাগছে এজন্য যে, আমরা একটি নাটক নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের। অনেক বেশি ভালো লাগার। কেননা, এটি মঞ্চনাটক। মঞ্চে অভিনয়ের অন্যরকম আনন্দ কাজ করে।’
নিউইয়র্কের মঞ্চে প্রথমবার অভিনয় নিয়ে উচ্ছ্বসিত বন্যা মির্জা। তিনি বলেন, ‘মঞ্চে অভিনয়ের অন্যরকম আনন্দ কাজ করে। নিউইয়র্কের মতো জায়গায় বাংলাদেশের বাংলা ভাষার নাটক মঞ্চস্থ হচ্ছে—এটিও আমার জন্য অনেক আনন্দের।’
বেশ কিছুদিন ধরে নাটকটির মহড়া চলছে। নিজেদের প্রস্তুতি নিয়ে আশাবাদী বন্যা বলেন, ‘আমাদের চেষ্টার ত্রুটি নেই। আমরা চেষ্টা করছি। কতটুকু করতে পেরেছি, তা দর্শকরা দেখার পর বলতে পারবেন।’
দীর্ঘদিন ধরে দেশ নাটকের সঙ্গে যুক্ত বন্যা মির্জা মঞ্চের পাশাপাশি টেলিভিশনেও নিয়মিত অভিনয় করেছেন। ঢাকার মঞ্চে সর্বশেষ ‘পারো’ নাটকে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এর আগে ‘জলবাসর’ নাটকেও দেখা গেছে তাকে। এবার ‘নেমেসিস’ দিয়ে নিউইয়র্কের মঞ্চে নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন এই অভিনেত্রী।