৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

নকআউট পর্বের লড়াই শুরু আজ, রাউন্ড অব ৩২-এ জায়গা পেল যারা

Admin Published: June 28, 2026, 12:37 pm
নকআউট পর্বের লড়াই শুরু আজ, রাউন্ড অব ৩২-এ জায়গা পেল যারা

ডিএনএন ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। ৪৮ দলের এই আসরে প্রথম ধাপ পেরিয়ে শিরোপার দৌড়ে টিকে রয়েছে ৩২টি দল। বিদায় নিয়েছে বাকি ১৬টি দল। এখন শুরু হচ্ছে নকআউট পর্ব, যেখানে প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই।


গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়া ৩-৩ গোলে ড্র করার পর রাউন্ড অব ৩২-এ ওঠা সব দলের তালিকা চূড়ান্ত হয়। এই ফলের সুবাদে অস্ট্রিয়া গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে। অন্যদিকে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে পরবর্তী পর্বে জায়গা পায় আলজেরিয়া।


এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে ২৪টি দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান পাওয়া দল নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে।


সেরা তৃতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, প্যারাগুয়ে এবং সেনেগাল।


ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া ও প্যারাগুয়ে—প্রতিটি দলই একটি জয় ও একটি ড্র থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে নকআউটে জায়গা নিশ্চিত করেছে।


অন্যদিকে সেনেগাল মাত্র ৩ পয়েন্ট নিয়েও শেষ ৩২-এ জায়গা করে নেয়। তাদের +২ গোল ব্যবধান একই পয়েন্ট পাওয়া অন্য দলগুলোর চেয়ে এগিয়ে রাখে এবং সেটিই তাদের নকআউটে ওঠার প্রধান কারণ হয়।


এবারের গ্রুপ পর্বে সবচেয়ে হতাশাজনক বিদায় ইরানের। একটি ম্যাচও না হেরে তারা নকআউটে উঠতে পারেনি। তিন পয়েন্ট নিয়ে ইরানের গোল ব্যবধান ছিল শূন্য। একই পয়েন্ট থাকা দক্ষিণ কোরিয়ার গোল ব্যবধান ছিল -১ এবং স্কটল্যান্ডের -৩। কিন্তু সেনেগালের উন্নত গোল ব্যবধানের কারণে এই তিন দলই বিদায় নেয়।


বিশ্বকাপের আরেক চমক দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায়। নিজেদের গ্রুপে তৃতীয় হলেও মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করায় সেরা তৃতীয় দলগুলোর তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয় তারা।


গ্রুপ পর্বের মোট ৭০টি ম্যাচ শেষে এখন শুরু হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। আজ রাত থেকেই মাঠে গড়াবে রাউন্ড অব ৩২-এর ম্যাচ। উদ্বোধনী নকআউট লড়াইয়ে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এরপর প্রতিদিনই অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ম্যাচ, যেখানে একটি পরাজয়ই শেষ করে দেবে শিরোপা জয়ের স্বপ্ন।