৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

পরীক্ষায় অংশগ্রহণ না করেই পেলেন ফার্স্ট ক্লাস!

Admin Published: October 20, 2024, 11:57 pm
পরীক্ষায় অংশগ্রহণ না করেই  পেলেন ফার্স্ট ক্লাস!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করেই তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছেন। গত ১৬ অক্টোবর সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর বিষয়টি কেউ খেয়াল না করলেও রোববার ঘটনাটি জানাজানি হয়। তবে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলছেন পরীক্ষা কমিটির সভাপতি। 

বিভাগীয় সূত্রে জানা যায়,গত ২৬ মে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয় এবং ৬ জুন শেষ হয়। চলতি মাসের ১৬ অক্টোবর ওই পরীক্ষার রেজাল্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে দেখা যায়, শিক্ষার্থী সাদিয়া আফরোজ মারিয়ার নামের পাশে ফলাফল জিপিএ ৩.৫০ লেখা রয়েছে, যে পরীক্ষায় অংশগ্রহণই করেননি। 

জানা যায়, তিনি অসুস্থতার কারণে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশ নেন নি।এর ফলে তিনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হন নি।এজন্য  তিনি তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষাতেও অংশ নেননি। 

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘একজন শিক্ষার্থী পরীক্ষা না দিয়েই কীভাবে ফল পেতে পারে? এ থেকে বোঝা যায় পরীক্ষা কমিটির সদস্যরা যথাযথভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন না করে ইচ্ছামতো রেজাল্ট তৈরি করেন। শিক্ষকদের এ ধরনের কর্মকাণ্ডের কারণেই আমরা অনেকেই প্রত্যাশিত রেজাল্ট বঞ্চিত হই। আর অনেকেই অপ্রত্যাশিতভাবে ভালো ফলাফল করে।’ 

এই বিষয়ে ঘটনাসংশ্লিষ্ট শিক্ষার্থী সাদিয়া আফরোজ মারিয়া বলেন, ‘আমি মাতৃত্বকালীন অসুস্থতার জন্য দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। তাই আমি এখনো তৃতীয় বর্ষে উঠতে পারিনি। বর্তমানে আমি ২০২১-২২ শিক্ষাবর্ষের সঙ্গে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত আছি। কিছুদিন পর পরীক্ষা দেব। কিন্তু আজকে রেজাল্টের বিষয়টি জেনে খুব অবাক হয়েছি।’ 

পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক মর্তুজা খালেদ বলেন, ‘এটা আসলে একটা ভুল হয়ে গেছে। মূলত একই রোল নম্বরের পুনর্ভর্তির (পূর্ববর্তী শিক্ষাবর্ষ) এক শিক্ষার্থী থাকায় কোনোভাবে ওই শিক্ষার্থীর নামটি যুক্ত হয়ে গেছে। যা কোনোভাবেই উচিত হয়নি। তবে এটি সংশোধনের সুযোগ আছে। আমরা সেটি নিয়ে কাজ করছি।’ 

পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম বলেন, ‘এটি একটি অনিচ্ছাকৃত ভুল। পরীক্ষা কমিটির তিনজন টেবুলেটর (পরীক্ষা কমিটির সদস্য) ছিল মূলত তাদের গাফিলতির কারণেই এই ভুলটি হয়েছে। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি সংশোধনের জন্য আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি।’  

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ফেরদৌসী খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।