৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

পুশইনের জন্য আনা ২০ জনকে সরিয়ে নিল বিএসএফ

Admin Published: June 20, 2026, 5:49 pm
পুশইনের জন্য আনা ২০ জনকে সরিয়ে নিল বিএসএফ

ডিএনএন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের শূন্যরেখায় পুশইনের (ঠেলে পাঠানো) জন্য আনা ২০ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২০ জুন) দুপুরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাদের সরিয়ে নেওয়া হয়।এর আগে, আজ ভোরে চৌকা সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুদের পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।


বিজিবি ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৭ টার দিকে চৌকা সীমান্তের ১৭৭/২ এস সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফ ২০ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবির টহল দল বাধা দেয়। এসময় স্থানীয় জনগণও বিজিবির সঙ্গে যোগ দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পুশইনের চেষ্টা করা ওই ২০ জন সীমান্তের শূন্যরেখার ৬০ গজ ভারতীয় অংশে শুকদেবপুর এলাকায় অবস্থান নেয়। 


৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, চৌকা বিওপির পাশে পুশইন চেষ্টার ঘটনা প্রতিহতের পর দুপুরে বিজিবি ও বিএসএফর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিএসএফ ওই নারী-পুরুষ ও শিশুদের সীমান্ত থেকে সরিয়ে নিয়ে ভারতে চলে গেছে। 


তিনি জানান, নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্ত এলাকায়  বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।