রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. নূরুল মোমেনকে ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) পরিচালক নিয়োগ করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আজ সোমবার এই নিয়োগ দেন। নবনিযুক্ত পরিচালক আজ তাঁর দায়িত্বে যোগ দিয়েছেন।
প্রফেসর নূরুল মোমেন রাবির লোক প্রশাসন বিভাগ থেকে ১৯৯৯ ও ২০০০ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১০ সালে তিনি নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ২০১৩ সালে ইতালির সেইন্ট এন্না স্কুল অব এডভান্সড স্টাডিজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে তিনি প্রভাষক হিসেবে লোক প্রশাসন বিভাগে যোগ দেন ও ২০১৯ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি বিভাগের বর্তমান সভাপতি।
তাঁর ৩টি গবেষণাগ্রন্থ, ৩৮টি গ্রন্থের অধ্যায়, ২৫টি প্রবন্ধ ও অন্যান্য প্রকাশনা দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখযোগ্যসংখ্যক সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপে অংশ নিয়েছেন। তাঁর তত্ত্বাবধানে ১টি পিএইচডি ও ১টি এমফিল গবেষণা সম্পন্ন হয়েছে এবং ১টি এমফিল গবেষণা চলমান রয়েছে। তিনি পরিচালকের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।