৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপানি ব্যবসায়ীরা

Admin Published: June 20, 2026, 6:43 pm
রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপানি ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার: রাজশাহী থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা। এ লক্ষ্যে রাজশাহীর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। শনিবার রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয়পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের অনুমোদন এবং প্রচলিত আইন-বিধি অনুসরণ করে রাজশাহীর উন্নয়নে জাপানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আলোচনায় রাজশাহীর দক্ষ ও সম্ভাবনাময় জনশক্তির বিষয়ে বিশেষ আগ্রহ দেখান জাপানি প্রতিনিধিরা। তারা জানান, জাপানে বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে রাজশাহী থেকে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি তারা ইতিবাচকভাবে বিবেচনা করছেন। পাশাপাশি রাজশাহী সিটির সঙ্গে জাপানের দুটি শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য


মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীর তরুণরা মেধাবী, পরিশ্রমী ও কর্মক্ষম। উপযুক্ত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আন্তর্জাতিক কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদের এই আগ্রহ রাজশাহীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে স্থানীয় জনশক্তির অংশগ্রহণ বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আলোচনায় রাজশাহীর কৃষিভিত্তিক অর্থনীতির বিষয়টিও গুরুত্ব পায়। রাসিক প্রশাসক বলেন, রাজশাহী দেশের অন্যতম আম উৎপাদনকারী অঞ্চল। এখানকার আম দেশজুড়ে সমাদৃত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এর ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক হিমাগার স্থাপন করা গেলে দীর্ঘ সময় আম সংরক্ষণ সম্ভব হবে। এতে কৃষক, আমচাষি ও ব্যবসায়ীরা লাভবান হবেন এবং রপ্তানির সুযোগ আরও সম্প্রসারিত হবে। সাক্ষাৎ শেষে জাপানি প্রতিনিধি দলকে নগর ভবনের কল সেন্টার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করান রাসিক প্রশাসক।


জাপানি প্রতিনিধি দলে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, সান-সান গ্লোবাল এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা হিদেকি সাকাকিবারা, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ।Geographic Reference


এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।