১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

রায় শুনে এজলাসে দাঁড়িয়েই নারীর বিষপান

Admin Published: June 24, 2026, 6:14 pm
রায় শুনে এজলাসে দাঁড়িয়েই নারীর বিষপান

ডিএনএন ডেস্ক: ভোলায় আদালতের আদেশের অর্থ ভুল বুঝে এজলাসে দাঁড়িয়ে বিষপান করেছেন তারাভানু (৩৫) নামে এক নারী।বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে।ওই নারী বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাহার উদ্দিন।এ বিষয়ে ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সেখ মো. নাসির উদ্দীন জানান, একটি সিআর মামলার বাদী ওই নারী। তিনি স্বামীসহ কয়েক জনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনে অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে ওই মামলাটি করেন।


বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে শুনানির তারিখ ছিল। আদালত চলাকালীন বাদী নারী এজলাসের মধ্যেই কিছু একটা পান করেন। তাৎক্ষণিক তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।


আদালত সূত্র ও উপস্থিত আইনজীবীরা জানান, আজকে তার মামলার চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল। বিচারক মামলার এক নম্বর আসামি বাদীর স্বামী বাহার উদ্দিনকে রেখে দুজন আসামিকে অব্যাহতি দেন। কিন্তু বিষয়টি বাদী ভুল বুঝেছেন। তিনি মনে করেছেন তার স্বামীকেও অব্যাহতি দেয়া হয়েছে। এ সময় তার ব্যাগ থেকে তরল কিছু একটা বের করে এজলাসেই পান করেন।


ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান জানান, প্রয়োজনীয় চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল আছে। আরও পর্যবেক্ষণ করতে হবে।