ডিএনএন ডেস্ক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আগামী ১২-১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন্স’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স (আইসিসিইআই) ২০২৫। রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি‘র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তাকায়ুকি সুজুকি, বাংলাদেশ রেলওয়ে‘র মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. এস. এম. ইলিয়াস শাহ। কনফারেন্সে সভাপতিত্ব করবেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. এম. জহুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সেক্রেটারী ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।
কনফারেন্সের আয়োজকদের দেয়া তথ্যমতে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১১ টি মৌলিক বিষয়ের উপরে আয়োজিত এই কনফারেন্সে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন ও থাইল্যান্ড সহ দেশ ও বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৭৫ জন একাডেমিশিয়ান ও গবেষকরা অংশ নেবেন।
এইবারের কনফারেন্সে জন্য সর্বমোট মোট ১ হাজার ১৯৬টি পেপার জমা পড়ে। যার মধ্যে গৃহীত হয় ৪৮৬ টি পেপার। গৃহীত পেপারের মধ্যে ৪৭৫ টি টেকনিক্যাল পেপার এবং ১১ টি কি-নোট পেপার রয়েছে। কনফারেন্সে সর্বমোট ৫৪ টি টেকনিক্যাল সেশন ও ৪ টি কি-নোট সেশন অনুষ্ঠিত হবে।
এদিকে তিন দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান আগামী ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৫:৪৫ ঘটিকায় রুয়েটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে কনফারেন্সে উপস্থাপিত পেপারের মধ্য থেকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
১৪ ডিসেম্বর রবিবার আয়োজক কমিটির পক্ষ থেকে কনফারেন্সের শেষ দিনে কনফারেন্স ট্যুরের আয়োজন করা হয়েছে। উক্ত কনফারেন্স ট্যুরে রাজশাহী অঞ্চলের উল্লেখযোগ্য সিভিল অবকাঠামো, কাঠামোগত প্রকৌশল স্থান পরিদর্শনের সুযোগ পাবেন।