ডিএনএন ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা প্রদেশের গ্রামীণ এলাকার কৃষিজমি লক্ষ্য করে আবারও কামানের গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে দারা প্রদেশের পশ্চিমাঞ্চলে এই হামলার সময় আকাশে একটি ইসরায়েলি নজরদারি ড্রোন উড়তে দেখা যায়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বিশেষ সামরিক বুলেটিনের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর ছোড়া একটি কামানের গোলা পশ্চিম দারা প্রদেশের জামলাহ গ্রামের পাশের একটি ফসলি জমিতে আঘাত হানে।
হামলার সময় ওই এলাকার আকাশে ইসরায়েলের একটি নজরদারি ড্রোন চক্কর দিচ্ছিল।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ঘরবাড়ির বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত রোববারও দারা প্রদেশের পশ্চিমাঞ্চলের আবদিন গ্রামে ইসরায়েলি বাহিনী একটি ঝটিকা অভিযান চালায়। পরে তারা গ্রামের উপকণ্ঠে গোলাবর্ষণ করে।
এ সময় স্থানীয় বাসিন্দারা পাথর ছুড়ে প্রতিরোধ গড়ে তুললে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয়। ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার জন্ম দেয়।
মূলত ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অভিযান, তল্লাশি, নির্বিচার গ্রেপ্তার এবং সামরিক চেকপোস্ট স্থাপনের মতো আগ্রাসী তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি