৬ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ: ফখরুল

Admin Published: January 10, 2025, 10:29 pm
১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ: ফখরুল

ডিএনএন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে আওয়ামী লীগ। তারা ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেয়নি। 


শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 


এসময় ফখরুল বলেন, মেধার চর্চা করতে হবে, যেন সবাই সুযোগ পায়। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। 


ক্রিকেট এখন খুব নাম করলেও এক সময় ফুটবল ছিলো খুব জনপ্রিয় খেলা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। তারেক রহমানের উদ্দেশ্যও এটি, যেন তরুণ মাদক ছেড়ে খেলায় মনোযোগী হয়। 


ক্রিকেটে আরাফাত রহমান কোকোর বড় ভূমিকা ছিলো উল্লেখ করে ফখরুল বলেন, ক্রিকেটের উৎকর্ষ সাধন হয়েছে কোকোর হাত ধরেই।