১৭ বৈশাখ, ১৪৩৩
৩০ এপ্রিল, ২০২৬

৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির

Admin Published: April 30, 2026, 5:40 pm
৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির

ডিএনএন ডেস্ক: পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সামনে রেখে পুণ্যার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ স্বাস্থ্যবিধি ও কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কিছু দীর্ঘস্থায়ী ও গুরুতর শারীরিক জটিলতা থাকলে এবার হজের অনুমতি বা পারমিট পাওয়া যাবে না।সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, পুণ্যার্থীরা যাতে হজের কঠিন আনুষ্ঠানিকতাগুলো নিরাপদে এবং কোনো বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়াই সম্পন্ন করতে পারেন, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সৌদি কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী, যেসব শারীরিক অবস্থায় এবার হজ করা যাবে না তার মধ্যে রয়েছে কিডনির জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন অবস্থা, হার্ট ফেইলিউর বা হৃৎপিণ্ডের গুরুতর সমস্যা, লিভার সিরোসিস, জটিল মানসিক রোগ অথবা স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া, বার্ধক্যজনিত চরম শারীরিক দুর্বলতা এবং এমন অন্তঃসত্ত্বা নারী, যারা গর্ভধারণের শেষ তিন মাস বা চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।


এদিকে, রোগব্যাধির তালিকার পাশাপাশি টিকাদানের বিষয়েও কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। সকল পুণ্যার্থীর জন্য ‘মেনিনোকোক্কাল মেনিনজাইটিস’ ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। হজ শুরুর অন্তত ১০ দিন আগে এই টিকার একটি ডোজ নিতে হবে।


এ ছাড়া উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি যেমন—বয়স্ক, গর্ভবতী নারী এবং যাদের দীর্ঘস্থায়ী রোগ (শ্বাসকষ্ট, ডায়াবেটিস বা হৃদরোগ) আছে, তাদের জন্য কোভিড-১৯ এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার আপডেট ডোজ নেওয়ার জোরালো পরামর্শ দেওয়া হয়েছে।


তথ্যসূত্র: গালফ নিউজ