৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬
ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা

একমাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ

Admin Published: January 15, 2025, 10:58 pm
একমাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ

ডিএনএন ডেস্ক: রাষ্ট্র সংস্কারে গঠিত চার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী আগামী এক মাসের মধ্যে সংস্কারের একটা রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।


তিনি বলেন, জমা হওয়া প্রতিবেদনগুলোর সারমর্ম আজই (বুধবার) জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর মধ্যে সরকার কতটা সংস্কার করবে, আগামী এক মাসের মধ্যে তার একটা রোডম্যাপ দেওয়া হবে।


রিজওয়ানা হাসান বলেন, যে রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে, সেই কমিশনের প্রধানেরা স্বাধীনভাবে কাজ করেছেন। এখন কমিশন প্রধানরা সেই রিপোর্টগুলো নিয়ে বসবে। বসে এখান থেকে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, কোথায় কোথায় তাদের প্রাধান্য দেওয়া উচিত, তারা ঠিক করবে। আগামীকাল ছয়টি কমিশনের কাজের সময় আরও একমাস বাড়িয়ে দেব।


তিনি বলেন, সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার কনটেক্সটা যেন আমরা ভুলে না যাই। কনটেক্সটাটা হচ্ছে একটা গণঅভ্যুত্থান। এখন যদি আমাদের একটা আইনি কাঠামো ধরে বলা হয়, সংবিধানের এই অনুচ্ছেদে এটা আছে, আপনাকে এভাবে করতে হবে। তাহলে গণঅভ্যুত্থানের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেটা এনডোর্স করা আমাদের জন্য খুব দুরুহ হয়ে পড়ে। গণঅভ্যুত্থানকেই আমরা হৃদয়ে ধারণ করেছি।


সংস্কারের জন্য সব রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আজ কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে, তাতে সব রাজনৈতিক দলের লিখিত বক্তব্যের প্রতিফলন ঘটেছে। এখানেই শেষ নয়, এটা নিয়ে আলোচনার আরও কয়েকটি ধাপ রয়েছে।


রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে রিজওয়ানা হাসান বলেন, কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না। স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হচ্ছে। আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি, কাজেই রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কীভাবে থাকবে, সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নির্ভর করছে না।


সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।