৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’ লিখে নিখোঁজ অভিনেত্রী

Admin Published: June 27, 2025, 6:34 pm
‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’ লিখে নিখোঁজ অভিনেত্রী

ডিএনএন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী ফারজানা খান সাথী নিজের ফেসবুক একাউন্টে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দেওয়া এ পোস্ট ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। 


পোস্ট দেওয়ার পর থেকেই বন্ধ রয়েছে তার মোবাইল নম্বর। এখন পর্যন্ত তার অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।


ফারজানার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মীরা। 


একজন নির্মাতা বলেন, ‘গতকাল রাতেও আমার সঙ্গে তার কথা হয়েছে। আমরা নতুন নাটক নিয়ে পরিকল্পনা করছিলাম। সে একদম স্বাভাবিক ছিল। এমন হাসিখুশি মেয়েটি হঠাৎ এমন পোস্ট দেবে, এটা ভাবতেই পারছি না। এখন তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না, খুব দুশ্চিন্তায় আছি। আশা করি, সে নিরাপদে আছে।’


অভিনয়জগতে একসময় ‘স্বপ্নীল সাথী’ নামে পরিচিত ছিলেন ফারজানা। পরে বিয়ের পর নিজের আসল নামেই পরিচিত হতে শুরু করেন। দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন তিনি।


তার সহকর্মীরা জানান, সাথী ব্যক্তিজীবনে হাসিখুশি, প্রাণবন্ত এবং কাজপাগল একজন মানুষ ছিলেন। হঠাৎ এমন পোস্ট দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। সবার পক্ষ থেকে তার নিরাপত্তা ও সুস্থতা কামনা করা হচ্ছে।