৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

বাড়ছে অকটেন সরবরাহ

Admin Published: April 20, 2026, 5:54 pm
বাড়ছে অকটেন সরবরাহ

ডিএনএন ডেস্ক: চলমান জ্বালানি সংকট কাটাতে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহ ১০ থেকে ২০ শতাংশ হারে বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। রোববার (১৯ এপ্রিল) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।


এতে বলা হয়, বর্তমান চাহিদা বিবেচনা করে এবং ডিলার ও ভোক্তা পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন সরকার একদিকে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, অন্যদিকে সরবরাহ চাপ কমাতে বাজারে অতিরিক্ত তেল ছাড়ার পদক্ষেপ নিচ্ছে।


নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অধীন বিতরণ কোম্পানিগুলো সোমবার থেকে প্রতিদিন ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, এক হাজার ৪২২ মেট্রিক টন অকটেন এবং এক হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল বিক্রি করবে।


ডিজেলের ক্ষেত্রে পদ্মা অয়েল কোম্পানি পাবে ৪ হাজার ৩৩৩ টন (৩৩.২১%), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পাবে ৫ হাজার ৩৯ টন (৩৮.৬২%), যমুনা অয়েল কোম্পানি ৩ হাজার ৬১৭ টন (২৭.৭২%) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি পাবে ৫৯ টন (০.৪৫%)।


অকটেনের ক্ষেত্রে মেঘনা পেট্রোলিয়াম পাবে সর্বোচ্চ ৫৩৬ টন (৩৭.৬৮%), পদ্মা অয়েল পাবে ৫১৬ টন (৩৬.৩১%) এবং যমুনা অয়েল পাবে ৩৭০ টন (২৬.০১%)। পেট্রোলের ক্ষেত্রে মেঘনা পেট্রোলিয়াম পাবে ৫৪৭ টন (৩৬.১৮%), পদ্মা অয়েল ৫২২ টন (৩৪.৫৭%) এবং যমুনা অয়েল ৪৪২ টন (২৯.২৫%)।