নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী বাল্কহেড থেকে ৪২০ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১৬ জেলেকে আটক করা হয়।
শুক্রবার (২৬ জানুয়ারি) ভোররাতে মেঘনার ঢালচর এলাকায় এই অভিযান চালানো হয়।
স্থানীয় কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ভোলার মনপুরা থেকে থেকে মেঘনা নদী হয়ে একটি বাল্কহেড জাটকা ইলিশ নিয়ে নোয়াখালীর চেয়ারম্যানঘাট এলাকায় যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্ট গার্ডের একটি দল মেঘনায় অবস্থান নেয়।
মাছবোঝাই বাল্কহেড ঢালচর এলাকায় পৌঁছালে ১৬ জন মাঝিমাল্লাসহ সেটিকে জব্দ করা হয়। পরে বাল্কহেড থেকে ৪২০ মণ জাটকা জব্দ করা হয় এবং জেলেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।