৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

বিএনপির রাজনীতিতে আসছেন শিল্পী রিজিয়া পারভীন

Admin Published: April 11, 2026, 5:01 pm
বিএনপির রাজনীতিতে আসছেন শিল্পী রিজিয়া পারভীন

ডিএনএন ডেস্ক: সংগীতশিল্পী রিজিয়া পারভীন। শোবিজ দুনিয়ায় শিল্পী হিসাবে তার স্থায়ী অবস্থান রয়েছে। এবার তিনি আসতে চলেছেন রাজনীতির ময়দানে। নিজেই এ ঘোষণা দিয়েছেন রিজিয়া। সম্প্রতি তিনি আসন্ন নির্বাচনে বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমে রিজিয়া তার আগামীর পরিকল্পনা ও রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা জানান। তিনি তার নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। দীর্ঘদিন ধরে সংগীত অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও এবার তিনি সরাসরি সংসদীয় প্রক্রিয়ায় দেশের মানুষের সেবা করতে আগ্রহী।


রিজিয়া পারভীন বলেন, 'আমার বাড়ি কিশোরগঞ্জ। ওখান থেকেই আমি আবেদন করেছি। সেখান থেকেই আমি নির্বাচিত হতে চাই। অবশ্যই আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমি যেহেতু একজন শিল্পী, সংস্কৃতি অঙ্গন নিয়েও কাজ করতে চাই। এরই মধ্যে আমি আমার এলাকায় অনেক কাজ করেছি। প্রথমবার মনোনয়ন পেলে আমার কাজ হবে নারীদের নিয়ে কাজ করা, সংস্কৃতি নিয়ে কাজ করা।'


সংসদ সদস্য হিসেবে মনোনীত হলে কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন তার দুটি প্রধান অগ্রাধিকারের কথা—নারী অধিকার এবং সংস্কৃতি।


সংগীতশিল্পী হিসেবে দেশজুড়ে রিজিয়া পারভীনের ব্যাপক পরিচিতি রয়েছে। নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অসংখ্য কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন। এবার সুরের ভুবন ছাড়িয়ে সংসদের আসনে বসে জনগণের সেবা করাই তার বড় লক্ষ্য।