ডিএনএন ডেস্ক: ২০২৬ সালের জন্য জাতীয় দলের পুরুষ ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৮ সদস্যের এই তালিকা প্রকাশ করা হয়।১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর হতে যাওয়া এই চুক্তিতে বেশ কিছু চমক ও কাঠামোগত পরিবর্তন দেখা গেছে।
নতুন বেতন কাঠামোতে ১০ লাখ টাকা মাসিক বেতনের ‘এ প্লাস’ গ্রেড রাখা হলেও, বিসিবি এবার এই ক্যাটাগরি ফাঁকা রাখে। ফলে ৮ লাখ টাকা বেতনের ‘এ’ গ্রেডে থাকা চার ক্রিকেটারই এখন দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়।
৮ লাখ টাকা বেতনের ‘এ’ গ্রেডে জায়গা পেয়েছেন চারজন ক্রিকেটার। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদ।
সবচেয়ে বেশি ১১ জন ক্রিকেটার স্থান পেয়েছেন ৬ লাখ টাকা মাসিক বেতনের ‘বি’ গ্রেডে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামের পাশাপাশি এই তালিকায় আছেন তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং পেসার নাহিদ রানা।
অন্যদিকে, ৪ লাখ টাকা বেতনের ‘সি’ গ্রেডে রয়েছেন ৬ জন। তারা হলেন- সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।
সর্বনিম্ন ২ লাখ টাকা বেতনের ‘ডি’ গ্রেডে জায়গা পেয়েছেন ৭ জন ক্রিকেটার। তারা হলেন- সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং কাজী নুরুল হাসান সোহান।