৬ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

চবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

Admin Published: July 11, 2024, 5:17 pm
চবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ চবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মুখোমুখি অবস্থান।

ডিএনএন ডেস্ক : 

সকল গ্রেডে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ ও মহাসড়ক অবরোধের অংশ হিসেবে চট্টগ্রামের বটতলী রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। তবে টাইগারপাস মহাসড়ক অবরোধের সময় পুলিশের বাধার সম্মুখীন হন তারা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাটিচার্জ করে এবং শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে একজন মেয়ে শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে দুপুর আড়াইটা থেকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনে অবস্থান করেন তারা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রেলস্টেশন থেকে টাইগারপাস মহাসড়ক অবরোধের জন্য গেলে পুলিশ তাদের পথরোধ করে।

এর আগে দুপুর দেড়টার শাটল ট্রেনে চড়ে ২২ কিলোমিটার দূরে বটতলী রেলস্টেশনে আসেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চবি অধিভুক্ত কলেজের ব্যানারে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।