৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

চেন্নাইয়ে কি বোথাম–কপিলদের কীর্তি ছুঁতে পারবেন সাকিব

Admin Published: September 17, 2024, 1:01 pm
চেন্নাইয়ে কি বোথাম–কপিলদের কীর্তি ছুঁতে পারবেন সাকিব

ডিএনএন ডেস্ক :  বাংলাদেশের পাকিস্তান জয়ে ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে পারেননি সাকিব আল হাসান। তবে বল হাতে ভালোই করেছেন এই বাঁহাতি স্পিনার। দুই টেস্টের সিরিজে ৫ উইকেট নিয়েছেন। তাতে ‘বড়’ আরেকটি মাইলফলকের দিকে আরেকটু এগিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার। টেস্টে সাকিবের উইকেট এখন ২৪২টি।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে আর ৮টি উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন সাকিব। তাতে টেস্ট ইতিহাসের অসাধারণ একটি ক্লাবেই জায়গা পেয়ে যাবেন ৬৯টি টেস্ট খেলা অলরাউন্ডার। ক্লাবটি টেস্টে ৪ হাজার রান ও ২৫০ উইকেটের ‘ডাবলের’। এখন পর্যন্ত যে ক্লাবের সদস্য মোটে চারজন। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে কি ‘ডাবল’টা পাবেন সাকিব?

১৯৮৪ সালে সবার আগে এই ‘ডাবল’ অর্জন করেছেন ইয়ান বোথাম। ইংল্যান্ড কিংবদন্তি ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ১৯৮২ সালেই। দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেন বোথাম। লর্ডসের ওই ম্যাচটি ছিল বোথামের টেস্ট ক্যারিয়ারের ৬৯তম।

৪ হাজার রান ও ২৫০ উইকেটের ‘ডাবলে’ প্রথম বোথাম এই ক্লাবে ম্যাচের হিসাবেও দ্রুততম। ৬৯ ম্যাচে ‘ডাবল’ ছুঁয়েছেন তিনি। রেকর্ডটা ভাঙার সম্ভাবনা ছিল শুধু সাকিবেরই। কিন্তু বাংলাদেশের সাবেক অধিনায়ক অল্পের জন্যই পারছেন না সেটি। ২০০৭ সালে টেস্ট অভিষেক হওয়া সাকিব এ পর্যন্ত ম্যাচ খেলেছেন ৬৯টি।