৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীদের মিছিল

Admin Published: August 3, 2024, 12:29 pm
চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীদের মিছিল

ডিএনএন ডেস্ক : বৃষ্টির মধ্যেই বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দেয় মুসল্লিরাও।

 শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন তারা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদীঘি ময়দান হয়ে নিউমার্কেট মোড়ের দিকে যান।

এরপর সেখানেও তারা আধা ঘণ্টা অবস্থান করে পুনরায় রেলওয়ে স্টেশন এলাকার দিকে যান।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ এর ডাক দেন। তিনি তাদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ অংশ নেন। মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

আন্দোলন ঘিরে আন্দরকিল্লা মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। আন্দরকিল্লা মোড়ে পুলিশের সামনে গিয়ে অনেকে কটূক্তি করে স্লোগান দেয়। তবে পুলিশ ছিল নীরব।